ভারতে ক্রেন ছিড়ে নিহত ৭
ভারতের মধ্যপ্রদেশে নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ছিঁড়ে পড়ে অন্ততপক্ষে সাতব্যক্তি নিহত হয়েছেন। ক্রেনের নিচে বেশ কয়েকজন আটকে পড়েছেন।
মধ্যপ্রদেশের অনুপ্পুর জেলায় বুধবার এ ঘটনা ঘটে। ঝড়ের কারণে ক্রেনটির তার ছিঁড়ে বেশ কয়েকটি দোকান এবং গাড়ির ওপর পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। ইন্ডিয়ান এক্সপ্রেস।
অনুপ্পুর জেলা কালেক্টর এন.এস. পারমার এঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্রেনের নিচে আটকে পড়াদের উদ্ধারে সেখানে উদ্ধারকর্মী পাঠানো হয়েছিল।
এ দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ১ লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। যারা আহত হয়েছেন তারা প্রত্যেকে ২৫ হাজার রুপি করে পাবেন।
পারমার জানিয়েছেন, ঝড়ের কারণে বহু গাছ বৈদ্যুতিক তারের ওপর পড়েছে। ফলে জেলার অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। বিদ্যুৎ না থাকায় অন্ধকারে উদ্ধার তৎপরতাও ব্যাহত হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








