‘হেরিটেজ’ তকমা পেতে বদলানো হচ্ছে দিল্লির নাম
ঢাকা: ‘হেরিটেজ’ তকমা পেতে রাজধানী দিল্লির নাম পাল্টাতে চায় মোদী সরকার। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের কথা কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিতর্কও শুরু হয়েছে। ইউনেস্কোর খেতাবের আশায় কি রাতারাতি একটি শহরের নাম পাল্টে ফেলা যায়? সেই প্রশ্নও উঠছে।
ভারতে শহরের নাম পাল্টানোর ঘটনা নতুন নয়। এর আগে মাদ্রাজ বদলে হয়েছে চেন্নাই, বম্বে হয়েছে মুম্বই, বাঙ্গালোর হয়ে গেলো বেঙ্গালুরু। এবার নয়াদিল্লির পালা।
জানা গেছে, নয়াদিল্লিকে ‘ইম্পিরিয়াল সিটি অব দিল্লি’ ও পুরনো দিল্লিকে ‘ইম্পিরিয়াল সিটি অব শাহজাহানাবাদ’ নাম দিতে চায় কেন্দ্রীয় সরকার। ‘ইউনেস্কো হেরিটেজ সিটি’ খেতাব পেতে ইউনেস্কোর দপ্তরে যে কাগজপত্র পাঠানো হয়েছে তাতে রাজধানীর দুই এলাকার জন্য ওই দু’টি নামের উল্লেখ করা হয়েছে। ইউনেস্কোর প্রতিনিধি দলটি আসার আগেই তাই তড়িঘড়ি শহরের নাম পাল্টে দেয়ার জন্য উদ্যোগী হয়েছে নরেন্দ্র মোদির সরকার।
তবে নাম পাল্টালেই যে তকমা মিলবে তা নিয়েও যথেষ্ট সন্দিহান বিশেষজ্ঞরা। তাদের মতে, ইউনেস্কোর খেতাবে জন্য বহু কড়া নিয়মকানুন রয়েছে। শুধু নাম বদলে কোনো কাজই হবে না। দিল্লির নানা ঐতিহ্যমণ্ডিত এলাকার ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না। যেমন ব্রিটিশ স্থপতি এডওয়ার্ড ল্যুটিয়েন্সের বানানো নয়াদিল্লির কেন্দ্রস্থলের একটা বড় অংশই এখন বহুতলের তলায় ঢাকা পড়ে গিয়েছে। আবার পুরনো দিল্লির বহু প্রাচীন সৌধই ভগ্নপ্রায়, সেগুলোরও কোনো দেখাশোনা হয় না। ফলে শুধু নাম পাল্টালেই রোম বা হাভানার মতো ‘ইউনেস্কো হেরিটেজ সিটি’র তকমা মিলবে, তা মনে করেন না অধিকাংশ বিশেষজ্ঞেই।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








