News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫৯, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২৬, ১৯ জানুয়ারি ২০২০

ইয়েমেনে যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়া আর রেডক্রসের

ইয়েমেনে যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়া আর রেডক্রসের

মানবিক কারণে ইয়েমেনে সৌদি বিমান হামলা বন্ধের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আহবান জানিয়েছে রাশিয়া। তবে, এ আবেদন বিবেচনার জন্য সময় প্রয়োজন বলে জানিয়েছে নিরাপত্তা পরিষদ। এর আগে জরুরী চিকিৎসা সামগ্রী পৌঁছাতে ২৪ ঘন্টার যুদ্ধবিরতির আহবান জানায় অান্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রস। বিবিসি।

শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে মানবিক দিক বিবেচনা করে ইয়েমেনে সৌদি নেতৃত্বে চলমান আরব জোটের চলমান বিমান হামলা সাময়িকভাবে বন্ধের আহবান জানায় রাশিয়া।

তবে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার এ আবেদন বিবেচনা করতে হলে কাউন্সিলের সদস্যদের সময় প্রয়োজন বলে জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট ও জাতিসংঘে নিযুক্ত জর্ডানের রাষ্ট্রদূত ডিনা কাওয়ার।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে ইয়েমেনে চলমান মানবেতর অবস্থার জন্য উদ্বেগ প্রকাশ করে মানবিক বিবেচনায় দেশটিতে যুদ্ধ বিরতির একটি খসড়া প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে রাশিয়ার দেয়া প্রস্তাব নিয়ে কিছু বলতে হলে কাউন্সিলের সদস্যদের বিবেচনার জন্য আরো সময় দরকার।

এর আগে চিকিৎসা সামগ্রী ও উদ্ধার কর্মীদের পৌঁছে দিতে ইয়েমেনে ২৪ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে রেডক্রস। না হলে আরো বেসামরিক মানুষের মৃত্যু হবে বলে তারা আশঙ্কা করছে।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগর এডেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী শিয়া হুতি বিদ্রোহী এবং তাদের সহযোগীদের লক্ষ্য করে বোমা হামলা অব্যাহত রেখেছে। হুতিবিরোধী যোদ্ধাদের জন্য বিমান থেকে গতকাল শনিবার অস্ত্রও ফেলেছে জোট বাহিনী।

উল্লেখ্য, হুতিদের অভিযানের মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনি প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদি শেষ আশ্রয়স্থল এডেন ছেড়ে এখন সৌদি আরবে। হুতি বিদ্রোহীরা গত বৃহস্পতিবার লড়াইয়ের একপর্যায়ে এডেনের কেন্দ্রস্থল এবং প্রেসিডেন্ট হাদির প্রাসাদ দখল করে ফেলে। পরে জোট বাহিনীর বিমান হামলার মুখে শুক্রবারই তারা পিছু হটতে শুরু করে। গত মাস থেকে হুথি বিদ্রোহীদের দমনে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি সেনাবাহিনী নেতৃত্বাধীন নয়টি দেশ।

জাতিসংঘের হিসেবে, গত দুইসপ্তাহের লড়াইয়ে ইয়েমেনে অন্তত ৫শ জন নিহত এবং ১৭শ জন আহত হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়