News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:২৯, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৫, ১৮ জানুয়ারি ২০২০

কেনিয়ায় বিশ্ববিদ্যালয়ে হামলা, নিহত ১৪৭

কেনিয়ায় বিশ্ববিদ্যালয়ে হামলা, নিহত ১৪৭

ঢাকা: কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে গারিসায় এক বিশ্ববিদ্যালয়ে জঙ্গিগোষ্ঠি আল-শাবাব সদস্যদের হামলায়  নিহতের সংখ্যা ১৪৭ ছাড়িয়েছে। দেশটির সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে।

কেনিয়ার কর্মকর্তারা জানান, জিম্মি ৫৮৭ জন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭৯ জন আহত রয়েছে। হামলাকারী চারজনই নিহত হয়েছে। অভিযান শেষ হয়েছে।

গুরুতর আহত নয় ছাত্রকে বিমানে করে রাজধানী নাইরোবিতে নেয়া হয়েছে।

রাজধানী নাইরোবি থেকে ৩৮০ কিলোমিটার দূরে ‘গারিসা ইউনিভার্সিটি কলেজে’ মুখোশধারী জঙ্গিরা বৃহস্পতিবার এ হামলা চালায়। জঙ্গিদের হামলার শুরুতেই দুই নিরাপত্তারক্ষীকে হত্যা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়ে।

ঘটনার পর কেনিয়ার উত্তর ও পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় কারফিউ জারি করা হয়। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিরপরাধ শিক্ষার্থীদের ওপর বন্দুকধারীদের জঘন্য এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। খবর এএফপি ও বিবিসির।

কেনিয়ার রেড ক্রস সূত্র জানায়, ৫০ জন শিক্ষার্থীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। এ ছাড়া ৪০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ক্যাম্পাসের ভিতরে বেশ কিছু মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

হামলার দায় স্বীকার করে আল-শাবাবের অন্যতম মুখপাত্র শেখ আলি মহম্মদ জানান, সোমালিয়ায় আল-শাবাবের বিরুদ্ধে কেনিয়ার সেনাবাহিনীর যুদ্ধের বদলা নিতে এই আক্রমণ চালানো হয়েছে।

সোমালিয়া সীমান্ত ১৫০ কিলোমিটার দূরে গারিসায় ২০১১ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টিতে প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত পাঁচ জন মুখোশধারী জঙ্গিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেখা যায়। অস্ত্রধারীরা ক্যাম্পাসে ঢুকে নির্বিচারে গুলি করে। এ সময় বেশির ভাগ শিক্ষার্থী ঘুমিয়ে ছিলেন। সেখানকার মুসলিম শিক্ষার্থীদের ছেড়ে দিয়ে খ্রিষ্টান ও অন্যান্য সম্প্রদায়ের শিক্ষার্থীদের জিম্মি করে তারা। এরপর বিশ্ববিদ্যালয়ের ভবনে গ্রেনেড ছুড়ে ও গুলি করে রক্তের বন্যা বইয়ে দেয় হামলাকারীরা।

ভোর থেকে রাত পর্যন্ত প্রায় ১৬ ঘণ্টা ধরে এই হত্যাযজ্ঞে অন্তত চার হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জোসেফ এনকাইসেরি। গতকাল রাতে তিনি বলেছেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শেষ হয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা অসংখ্য তরুণ প্রাণকে হারিয়েছি। অন্তত ৭০ জন। আর আহতের সংখ্যা ৭৯, যার মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।’

স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের এক ঘণ্টার মধ্যে সে দেশের জাতীয় দুর্যোগ পরিচালনা কেন্দ্র থেকে জানানো হয়, নিহত শিক্ষার্থীর সংখ্যা ১৪৭ জন।

এর আগে কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীদের ধরতে পুলিশ ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘিরে ফেলে। সন্ধ্যারও পরে অভিযান শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ে হামলা এবং অমুসলিমদের জিম্মি করার দায় স্বীকার করে আল-শাবাবের মুখপাত্র শেখ আলী মাহমুদ এএফপিকে বলেন, ‘আমাদের লোকেরা সেখানে পৌঁছে মুসলিমদের মুক্ত করে অন্যদের জিম্মি করেছে। শাবাব বিরোধীদের হত্যা করার  লক্ষ্যে আমাদের লোকেরা এখনো লড়াই করছে।’

এর আগে কেনিয়ার রেড ক্রস সূত্র জানায়, ৫০ জন শিক্ষার্থীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। এ ছাড়া ৪০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ক্যাম্পাসের ভিতরে বেশ কিছু মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

নিউজবাংলাদেশ.কম/এফএ/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়