প্রচণ্ড খরায় ক্যালিফোর্নিয়ায় পানি ব্যবহারে কড়াকড়ি আরোপ
প্রচণ্ড খরায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো পানি ব্যবহারের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আজ বৃহস্পতিবার এএফপি ও বিসিসি এ খবর জানায়।
ক্যালিফোর্নিয়ার নেভাদা এলাকায় বুধবার রাজ্যের গভর্নর জেরি ব্রাউন এক সংবাদ সম্মেলনে পানির ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপের ঘোষণা দেন। শহর ও নগরের পানির ব্যবহার ২৫ শতাংশ কমানোর নির্দেশ দেন গভর্নর।
নির্দেশনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সমাধি, গলফ মাঠ এবং বিশাল ভূমির মালিকদের পানির ব্যবহার ব্যাপকভাবে কমাতে বলা হয়েছে।
ঐতিহাসিক এই খরা নজিরবিহীন এই পদক্ষেপ দাবি করে উল্লেখ করে গভর্নর জেরি ব্রাউন বলেন, যে কোনো উপায়ে আমাদের অবশ্যই পানির খরচ কমাতে হবে। পানির ব্যবহার কমানতে দ্য স্টেট ওয়াটার রিসোর্সেস কন্ট্রোল বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সাধারণত ভারী তুষারে ঢাকা থাকা সিয়েরা নেভাদার পাহাড়ি এলাকার দিকে ইঙ্গিত করে সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, যেখানে পাঁচ ফুট পুরু বরফের ওপর আমাদের দাঁড়িয়ে থাকার কথা, সেখানে আজ আমরা শুকনো ঘাসের ওপর দাঁড়িয়ে আছি।
গভর্নর বলেন, লোকজনকে অবশ্যই বুঝতে হবে আমরা একটি নতুন যুগে আছি। ঘাসের জমিতে যে ইচ্ছামতো পানি দেওয়া-সেটা এখন অতীতের বিষয়।
গত বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় খরার প্রদুর্ভাব দেখা যাচ্ছে। খরার কারণে গত বছরও এই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়। তবে, জনগনের পানি খরচের ওপর কড়াকড়ি এই প্রথমবার নেয়া হলো।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








