কেনিয়ার বিশ্ববিদ্যালয়ে আল-শাবাবের হামলা, নিহত ১৫
কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে গারিসায় এক বিশ্ববিদ্যালয়ে জঙ্গিগোষ্ঠি আল-শাবাব সদস্যদের হামলায় অন্তত ১৫ নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থীকে জিম্মি করা হয়েছে। হামলায় ৬৫ জন আহত হয়েছেন বলে বিবিসির প্রতিবেদক জানিয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজধানী নাইরোবি থেকে ৩৮০ কিলোমিটার দূরে ‘গারিসা ইউনিভার্সিটি কলেজে’ মুখোশধারী জঙ্গিরা আজ বৃহস্পতিবার এ হামলা চালায়। জঙ্গিদের হামলার শুরুতেই দুই নিরাপত্তারক্ষীকে হত্যা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়ে।
শেষখবর পাওয়া পর্যন্ত, ‘কেনিয়ান ডিফেন্স ফোর্স’ (কেডিএফ) অঞ্চলটি ঘিরে রেখেছে। এখনও লড়াই চলছে। সেখান থেকে মুহূর্মূহু গুলির শব্দ শোনা যাচ্ছে।
কেনিয়ার রেড ক্রস সূত্র জানায়, ৫০ জন শিক্ষার্থীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। এ ছাড়া ৪০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ক্যাম্পাসের ভিতরে বেশ কিছু মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
হামলার দায় স্বীকার করে আল-শাবাবের অন্যতম মুখপাত্র শেখ আলি মহম্মদ জানান, সোমালিয়ায় আল-শাবাবের বিরুদ্ধে কেনিয়ার সেনাবাহিনীর যুদ্ধের বদলা নিতে এই আক্রমণ চালানো হয়েছে।
সোমালিয়া সীমান্ত ১৫০ কিলোমিটার দূরে গারিসায় ২০১১ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টিতে প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত পাঁচ জন মুখোশধারী জঙ্গিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেখা গিয়েছে।
হমলার পরপর গারিসায় দোকান-পাট, অফিস সব বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে সরকার।
এদিকে, জঙ্গিদের হাতে আটক শিক্ষার্থীদের মধ্যে খ্রীস্টানদের জিম্মি করে রেখে মুসলিমদের ছেড়ে দেওয়া হবে বলে আল-শাবাব জানিয়েছে। ইতিমধ্যেই ১৫ জন মুসলিমকে ছেড়ে দেওয়া হয়েছে বলে বিবিসির প্রতিবেদক নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








