News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৫২, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:১৫, ১৮ জানুয়ারি ২০২০

সামরিক আইন প্রত্যাহার করল থাইল্যান্ড

সামরিক আইন প্রত্যাহার করল থাইল্যান্ড

ঢাকা: থাইল্যান্ডে দীর্ঘ ১০ মাস সামরিক আইন জারি থাকার পর তা প্রত্যাহার করে নিয়েছে দেশটির সামরিক বাহিনী সমর্থিত সরকার। তবে সামরিক আইন তুলে নিলেও পুরো দেশে নতুন এক নিরাপত্তা সংক্রান্ত আদেশ জারি করেছে থাই সরকার। খবর বিবিসির।

স্থানীয় সময় বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচা টিভিতে এক ঘোষণায় সামরিক আইন তুলে নেওয়ার কথা বলেন। তার এই ঘোষণাটি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি প্রচার করা হয়।

এদিকে নিরাপত্তা সংক্রান্ত নতুন আদেশের সমালোচনা হচ্ছে। দেশটির বিভিন্ন মহল আশঙ্কা প্রকাশ করে বলছে নতুন আদেশ আগের চাইতে আরও বেশি ক্ষমতা দিয়েছে সামরিক বাহিনীকে।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে বলা হচ্ছে, নিরাপত্তা সংক্রান্ত নতুন আদেশ জনগণের অধিকার খর্ব করবে না।

প্রধানমন্ত্রী প্রায়ুথ টেলিভিশন ভাষণে বলেন, সেনা শাসন তুলে নেওয়ার বিষয়ে রাজা তাকে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন।

প্রায়ুথ জানান, নতুন সংবিধানের ৪৪ ধারা অনুযায়ী নতুন আইন জারি করা হবে।

সংবিধানের ৪৪ ধারা অনুযায়ী জাতীয় ও রাজার বিরুদ্ধে হুমকি মোকাবিলায় প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে দমনাভিযান চালানোর নির্দেশ দিতে পারবেন।

প্রায়ুথ বলেন, নতুন আইনের অধীনে সেনাবাহিনী অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভব হলে অভিযোগ ছাড়াই যে কাউকে গ্রেপ্তার করতে পারবে।

গণবিক্ষোভের সুযোগে ২০১৪ সালের মে মাসে নির্বাচিত সরকারকে হটিয়ে থাই সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকেই দেশটি সামরিক আইনের অধীনে রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফই/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়