সম্ভাব্য চুক্তির বিষয়ে সাফল্যের দাবি ইরান ও রাশিয়ার
পারমাণবিক কর্মসূচি নিয়ে পাঁচ বিশ্বশক্তির সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে উল্লেখযোগ্য সাফল্যের দাবি করেছে ইরান ও রাশিয়া। তবে, যুক্তরাষ্ট্র ও এক পশ্চিমা কূটনীতিকের কথায় ভিন্ন সুর শুনতে পাওয়া যায়। এদিকে, সম্ভাব্য এ চুক্তির বিষয়ে কর্মকাঠামো তৈরির ক্ষেত্রে সমঝোতায় পৌঁছাতে আজও দুই পক্ষের মধ্যে আলোচনা চলার কথা।
আজ বুধবার সকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ চুক্তির বিষয়ে কর্মকাঠামো তৈরি ক্ষেত্রে বিরাট সাফল্য অর্জিত হয়েছে বলে দাবি করেন। রাশিয়ার শীর্ষ পর্যায়ের কূটনীতিক ও পাঁচটি দেশের পররাষ্ট্রমন্ত্রী গতকাল রাতভর আলোচনা চালিয়ে যাওয়ার পর আজ সকালে দুই পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।
লাভরভ বলেন, এ বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তিতে সব বিষয়ে মন্ত্রী পর্যায়ে নীতিগতভাবে একমত হতে পেরেছেন।
আমরা মোটামুটি সম্মত হয়েছি উল্লেখ করে জাভেদ জারিফ বলেছেন, তবে সবারই একটু বিশ্রাম প্রয়োজন এবং সকাল থেকে আবারও আলোচনা শুরু করতে হবে। আজকের মধ্যে আমরা আমাদের কাজ চূড়ান্ত করতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী।
তবে, প্রধান বিষয়গুলোতে এখনো সমঝোতা হয়নি বলে জানান শীর্ষস্থানীয় এক মার্কিন কর্মকর্তা। পশ্চিমা এক কূটনীতিকও চুক্তির কোনো কর্মকাঠামোই তৈরি হয়নি বলে দাবি করেছেন।
সুইজারল্যান্ডের লুজানে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির সম্ভাব্য চুক্তি বিষয়ক আলোচনার শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় আলোচনার সময় আরও এক দিন বাড়িয়ে দেওয়া হয়। সমঝোতার আশায় আজও আলোচনা চলার কথা।
ইরানের সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন এবং জার্মানির এ আলোচনার মূল লক্ষ্য, ইরানকে পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা। এর বিনিময়ে তেহরানের বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক অবরোধ প্রত্যাহার করে নেওয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








