বাংলাদেশিদের খাদ্যাভ্যাসে প্রতিবন্ধকতা তৈরির পায়তারা রাজনাথের
এবার বাংলাদেশিদের খাদ্যাভ্যাসে প্রতিবন্ধকতা তৈরির পায়তারা করছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দেশটির কয়েকটি রাজ্যে গো-মাংস নিষিদ্ধের পর ক্ষমতাসীন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নজিরবিহীনভাবে প্রতিবেশী রাষ্ট্রের জনগনের খাদ্যরুচিতে হস্তক্ষেপের চেষ্টা করলেন।
রাজনাথ সিং বুধবার ভারতীয় সাীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের কড়া নির্দেশ দিয়ে বলেন, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে গরু-চোরাচালান সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। এতে বাংলাদেশে গো-মাংসের দাম বৃদ্ধি পাওয়ায় এদেশের জনগনের খাদ্যতালিকায় পরিবর্তন হবে বলে রাজনাথের ধারণা। দ্যা টেলিগ্রাফ।
তিনি বিএসএফ সদস্যদের বলেন, "গবাদি পশু চোরাচালান রোধে কড়া নজরদারির মাধ্যমেই বাংলাদেশে গরুর মাংসের দাম ৩০% বৃদ্ধি পাবে।"
"আপনাদের কড়া নজরদারি আরো তীব্র হলে গবাদি পশু চোরাচালান একেবারেই বন্ধ হয়ে যাওয়ার ফলে বাংলাদেশে গরুর মাংসের দাম ৭০ থেকে ৮০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় দেশটির জনগন গো-মাংস খাওয়াই ছেড়ে দেবে", বিএসএফের ফাঁড়ি সদস্যদের প্রতি যোগ করেন রাজনাথ।
প্রসঙ্গত, ভারতীয় কর্তৃপক্ষের হিসেবে, গত বছর প্রায় ১৭ লাখ গবাদি পশু তাদের দেশ থেকে বাংলাদেশে চোরাচালান হয়ে থাকে। সরকারী ভাবে ভারত বিশ্বে গো-মাংস রপ্তানিতে দ্বিতীয় এবং ভোক্তা হিসেবে পঞ্চদশ অবস্থানে রয়েছে।
ক্ষমতাসীন বিজেপির প্রভাবশালী নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত রোববার বলেছিলেন, তার সরকার সারা দেশেই গরু জবাই এবং গোমাংস বিক্রি নিষিদ্ধ করতে সর্ব্বোচ্চ চেষ্টা চালাবে।
গত মাসে বিজেপি শাসিত মহারাষ্ট্রে এ বিষয়ক আইন পুনরায় বলবৎ করার পর মেলাগাওয়ে প্রথম গো-মাংস বিক্রির দায়ে দুইজনকে গ্রেফতার করা হয়। অপর বিজেপি শাসিত দুই রাজ্য ঝাড়খন্ড এবং হারিয়াণায়ও গো-হত্যা-বিক্রয়-ভক্ষণ নিষিদ্ধ করা হয়েছে।
রাজনাথ সিং বলেন, দেশে গো-হত্যা কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এটা রদ করতে আমরা সর্বাত্মক চেষ্টার পাশাপাশি গো-হত্যা বন্ধে ঐক্যমত্য তৈরিরও চেষ্টা চালাচ্ছি।
এসময় বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করার ওপর জোর দেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের আন্তরিক সম্পর্ক রয়েছে। আমরা একে আরো মজবুত করতে চাই।
এসময় বিএসএফ সদস্যদের ওপর বাংলাদেশি চোরাকারবারিদের কথিত 'আক্রমণের' কথা উল্লেখ করে তিনি এধরণের আক্রমণ নস্যাৎ করতে সর্ব্বোচ্চ চেষ্টা চালাতে বলেন। এক্ষেত্রে উদ্ভূত যে কোন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিএসএফের জওয়ানদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন রাজনাথ সিং।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








