পদ্মবিভূষণে সম্মানিত হলেন অমিতাভ
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে ভারতের সর্ব্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ পদক গ্রহণ করলেন অমিতাভ বচ্চন। বলিউডের অপর কালোত্তীর্ণ তারকা দিলীপ কুমারও এই পদকের ভাগীদার। তবে, শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেন নি।
বুধবার রাষ্ট্রপতি ভবনে এ বছর পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত কৃতী ব্যক্তিত্বদের হাতে পদক তুলে দেন রাষ্ট্রপতি। প্রতি বছরের মতো এবারও তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হয়ছিল পক্ষপাতিত্বের বিতর্ক। তবে, সব বিতর্ককে সরিয়ে ভারতের অসামরিক সম্মানে সম্মানিত করা হয় অভিনয়, শিল্প, চিকিত্সা, বিজ্ঞান, নির্মাণ, ধর্ম, সঙ্গীত, খেলা— সব বিষয়ের কৃতী ব্যক্তিত্বদের। মোট নয় জনকে পদ্মবিভূষণ, ২০ জনকে পদ্মভূষণ এবং ৭৫ জনকে পদ্মশ্রী খেতাব প্রাপ্তদের হাতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় পদক তুলে দেন।
এর আগে পদ্মশ্রী এবং পদ্মভূষণ সম্মান প্রাপ্ত অমিতাভ বচ্চন আগের দিন করা এক টুইটে জানান, "রাষ্ট্রপতি ভবনে পুরস্কার বিতরণের মহড়ায় মেতে রয়েছি। পদ্ম-সম্মান বলে কথা! বরাবরের মতোই এই পুরস্কার গ্রহণের আদবকায়দাকে আমি যেমন শ্রদ্ধা করি, ভালওবাসি তেমন।" আজকের অনুষ্ঠানে অমিতাভের সঙ্গে হাজির ছিলেন তাঁর পুত্র অভিষেক, পুত্রবধূ ঐশ্বর্যা আর মেয়ে শ্বেতা।
শিল্পজগতে অবদানের জন্য প্রিন্স করিম আগা খানকেও পদ্মবিভূষণ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। পদ্মবিভূষণ প্রাপ্তদের তালিকায় ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী কোট্টায়ন কে বেণুগোপাল এবং কর্নাটকের জৈন ধর্মাধিকারিক ডি বীরেন্দ্র হেগড়।
পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন অসমের বিখ্যাত চলচ্চিত্র-নির্মাতা জহ্নু বড়ুয়া। বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক রবীন্দ্র জৈন পেলেন পদ্মশ্রী সম্মান।
অর্থনীতিবিদ বিবেক দেবরায়, শিল্প উদ্যোক্তা টি ভি মোহনদাস পাই, হকি খেলোয়াড় সাবা অঞ্জুম, মহিলা ক্রিকেটার মিতালি রাজ পেয়েছেন পদ্মশ্রী সম্মান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








