জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বিজয়ীদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী
আগামী ৪ এপ্রিল দেওয়া হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩। বিজয়ীদের তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের কাছে এ পুরস্কার তুলে দেওয়া হবে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘মৃত্তিকা মায়া’ ছবিটি। ছবির শ্রেষ্ঠ পরিচালক মনোনীত হয়েছেন গাজী রাকায়েত।
একই ছবিতে প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন তিতাস জিয়া, পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মামুনুর রশীদ এবং পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন রেহানা জলি।
দেবদাস চলচ্চিত্রে শ্রেষ্ঠ পুরস্কার পাচ্ছেন অভিনেত্রী মৌসুমী।
সঙ্গীত শিল্পীদের মধ্যে সেরা গায়ক হিসেবে তালিকায় আছেন চন্দন সিনহা। ছবির নাম ‘আমি নিঃস্ব হয়ে যাবো’। একই ছবির জন্য সেরা গীতিকার কবির বকুল এবং সেরা সুরকার কৌশিক হোসেন তাপস এবং ‘মৃত্তিকা মায়া’ ছবির জন্য ‘সেরা সঙ্গীত পরিচালক একে আজাদ। শ্রেষ্ঠ গায়িকা হিসেবে যৌথভাবে পুরস্কৃত হবেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন।
আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন চিত্রনায়িকা কবরী।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা কমিটির প্রধান থাকছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ, বিটিভি মহাপরিচালক আব্দুল মান্নান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক, তথ্যসচিব, চলচ্চিত্র অঙ্গনের শিল্পী, কলাকুশলীসহ অনেকে।
উল্লেখ্য, ১৯৭৫ সাল থেকে চলচ্চিত্র অঙ্গনে সেরা নির্মাতা-শিল্পী-কলাকুশলীদের মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়ে আসছে তথ্যমন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া চালু হয় ২০০৯ সাল থেকে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








