মহানায়িকার জন্মদিনেই মহাপ্রস্থানের শেষ ধাপ
মহাপ্রস্থানের পথে শেষ ধাপটা নিজের জন্মদিনে পেরিয়ে গেলেন মহানায়িকা সুচিত্রা সেন। মহানায়িকার ৮৪তম জন্মবার্ষিকীর দিন দুপুরেই তার পিণ্ডদান সম্পন্ন হয়েছে।
মৃত্যুর পর গত সোমবার সুচিত্রার দ্বিতীয় জন্মদিনে মায়ের অন্তিম পিণ্ডদান সম্পন্ন করেন মুনমুন সেন। এসময় মুনমুনের সঙ্গে ছিলেন তার মেয়ে রিয়া সেন ও ইন্দ্রনীল রায়।
আমদাবাদ থেকে ১২০ কিলোমিটার দূরে সিধপুরের মাত্রুগয়া মন্দিরে (মাতৃতীর্থ) মাতৃ-পিণ্ডদান করেন মুনমুন সেন। সারা পৃথিবীতে একমাত্র এখানেই শুধুমাত্র মায়ের পিণ্ডদান হয়। কথিত আছে কপিলমুনি থেকে পরশুরাম সবাই তাঁদের মায়ের শ্রাদ্ধ এখানেই করেছিলেন।
মুনমুন সেন বলেন, "আজ মা-র জন্মদিন। আগে কতো মজা হতো মায়ের জন্মদিনে। আমরা সবাই কেক নিয়ে যেতাম মায়ের কাছে, জড়ো হতাম মা-র ফ্ল্যাটে, মা কেক কাটতেন। মাসিরা আসত বিকেলে। আড্ডা চলত কতক্ষণ। আর আজ মা-র জন্মদিনে পিণ্ডদান করতে এসেছি। ভাবলেই ভেতর থেকে কান্না পাচ্ছে। অসম্ভব খারাপ লাগছে। আর কথা বলতে পারছি না।"
নিউজবাংলাদেশ.কম/এসজে/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








