সংগীতজ্ঞ সনজীদা খাতুনের জন্মদিন
ঢাকা: বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ড. সনজীদা খাতুন। তিনি একধারে রবীন্দ্রসংগীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সংগীতজ্ঞ এবং শিক্ষক।
১৯৩৩ সালের ৪ এপ্রিল জন্ম গ্রহণ করেন সনজীদা খাতুন। আজ ৮২ বছরে পা রেখেছেন এ সংগীতজ্ঞ। বিখ্যাত পণ্ডিত ব্যক্তি ও জাতীয় অধ্যাপক ড. কাজী মোতাহার হোসেন তার পিতা। তিনি কাজী আনোয়ার হোসেনের বোন এবং রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ ওয়াহিদুল হকের স্ত্রী।
তিনি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য এবং সভাপতি। এছাড়া তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য। প্রচলিত ধারার বাইরে ভিন্নধর্মী একটি শিশুশিক্ষা প্রতিষ্ঠান নালন্দা-র সভাপতি।
সনজীদা খাতুন ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৫৫ সালে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে স্নাতকোত্তর এবং ১৯৭৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।
১৯৫৩ সাল থেকে বাংলাদেশ বেতার এবং ১৯৬৪ থেকে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত রবীন্দ্র সংগীতশিল্পী ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তান থেকে রবীন্দ্রনাথের দুটি গানের এক্সটেন্ডেড প্লে রেকর্ড প্রকাশিত হয় তার। ১৯৮১ সালে রবীন্দ্রনাথের গানের লংপ্লে ‘অতল জলের আহ্বান’ প্রকাশিত হয় বাংলাদেশে। ১৯৫৭ সাল থেকে ভাষা ও সাহিত্য বিষয়ে অধ্যাপনা শুরু করে ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন সনজীদা খাতুন।
কাজের স্বীকৃতিস্বরূপ বহু পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- একুশে পদক, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, রবীন্দ্র স্মৃতি পুরস্কার (পশ্চিমবঙ্গ, ভারত), ২০১২ সালে সর্বোচ্চ সম্মাননা দেশিকোত্তম পুরস্কার (পশ্চিমবঙ্গ, ভারত)। এছাড়া কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট ১৯৮৮ সালে তাঁকে ‘রবীন্দ্র তত্ত্বাচার্য’ উপাধি প্রদান করে এ সংগীতজ্ঞকে।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








