পালিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস
সরকারি-বেসরকারি বিভিন্ন আয়োজনে আজ শুক্রবার পালিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ও শিল্পকলা একাডেমিতে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী থাকছে শোভাযাত্রা, চলচ্চিত্র মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী, স্মরণিকা প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল ১০টায় এফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এরপর চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে এফডিসি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
বেলা ১১টায় এফডিসি ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের যৌথ আয়োজনে ‘ডিজিটাল চলচ্চিত্র: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার শুরু হয়। সন্ধ্যায় এফডিসি চত্বরে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি চলবে মেলা।
শিল্পকলা একাডেমিতে বেলা তিনটায় বাংলা চলচ্চিত্রের পোস্টার ও প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের প্রতিকৃতি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। একাডেমির নন্দন মঞ্চে সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও চলচ্চিত্রের গান।
এছাড়া, দিবসটি উপলক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের আওতাধীন জেলা তথ্য অফিস থেকে জেলায় জেলায় শোভাযাত্রা ও বিনা মূল্যে চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। এই দিনটি স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হয়।
নিউজবাংলাদেশ.কম এসজে
নিউজবাংলাদেশ.কম








