৬ দফা দাবিতে রাবি ছাত্রজোটের সংবাদ সম্মেলন
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে থানা স্থানান্তর না করার দাবিসহ ছয়দফা দাবি পেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোট।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই দাবি জানান।
রাবি প্রগতিশীল ছাত্রজোটের সভাপতি ফারুক ইমনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে দাবিসমূহ পেশ করেন ছাত্রজোটের সমন্বয়ক আয়াতুল্লাহ খোমেনী।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন থানা স্থানান্তরের পরিকল্পনা থেকে সরে এসেছে তা স্পষ্টভাবে সকলের সামনে তুলে ধরা এবং এই ধরনের অপতৎপরতা বন্ধ করা। এছাড়া অবিলম্বে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়ে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা। রাকসু ও টিএসসি কার্যকর করা ইত্যাদি।
এসময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অপতৎপরতার কথা লিখিত বক্তব্যের মধ্যে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্টের সভাপতি সোহরাব হোসেন ও বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডীসহ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








