নটরডেমের সামনে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা: নটরডেম কলেজের সামনে বাসের চাপায় ওই কলেজের ১ম বর্ষের এক ছাত্র নিহত হয়েছে। নিহতের নাম টিউটিতোনিয়াস ত্রিপুরা (১৮)।
রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস।
তিনি জানান, দুপুরে বাসে করে কলেজের সামনে নামার সময় পিছলে গিয়ে টিউটিতোনিয়াসের বাম পা বাসের চাকার নিচে চলে যায়। এরপরও বাসটি চলতে থাকায় একপর্যায়ে তার পুরো শরীর বাসের চাকার নীচে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বর্তমানে ঢামেক মর্গে পাঠানো হয়েছে বলেও জানান সেন্টু চন্দ্র দাস।
নিহত টিউটিতোনিয়াস নটরডেম কলেজের আর্টস বিভাগের ছাত্র। তার বাবার নাম কিয়ামুং ত্রিপুরা। নিহতের গ্রামের বাড়ি বান্দরবনের থানচি উপজেলার জয়তুন পাড়ায়। সে নটরডেম কলেজের মার্টিন হলে থাকত।
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম








