৪ মাস বন্ধ থাকার পর খুলল ইসলামী বিশ্ববিদ্যালয়
কুষ্টিয়া: দীর্ঘ ৪ মাস বন্ধ থাকার পর শনিবার খুলেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টায় খুলে দেয়া হয় ইবির আবাসিক হলসমূহ।
শুক্রবার সকাল থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রতিটি হলেই শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে ঢুকতে দেয়া হয়। দীর্ঘদিন পর ক্যাম্পাস খুলে দেয়ায় শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস চত্বর।
হলগুলোতে ঢুকতে কয়েকটি শর্ত পূরণ করতে হয়েছে শিক্ষার্থীদের। শর্তগুলোর মধ্যে রয়েছে পরিচয়পত্র দেখানো, ব্যাগ তল্লাশি, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা ও অতিথিদের হলের ফটকে ঢুকতে না দেয়া।
ইবির প্রক্টর প্রফেসর ড. লোকমান হাকিম নিউজবাংলাদেশকে বলেন, “শনিবার থেকে ক্লাস-পরীক্ষা নেয়া হবে বলে দূর-দূরান্তের শিক্ষার্থীরা, বিশেষ করে ছাত্রীরা যাতে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারে এজন্যে ২২৮তম জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে ৯টায় সব আবাসিক হল খুলে দেয়া হয়।”
তিনি আরো বলেন, “এ সময় হলগুলোর প্রভোস্টরা উপস্থিত থেকে হল খুলে দেন। নাশকতা প্রতিরোধে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার ক্লাস-পরীক্ষা চালু ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মেধাতালিকায় উত্তীর্ণদের ভর্তির সাক্ষাৎকার শুরু হয়।”
মেধাতালিকায় উত্তীর্ণ নীলফামারী থেকে আগত সুলতানা আরফিন নামের এক ভর্তিচ্ছু নিউজবাংলাদেশকে বলেন, “কত স্বপ্ন নিয়ে এ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। কিন্ত আমাদের দুর্ভাগ্য, ভর্তি পরীক্ষার চার মাস অতিবাহিত হলেও এখনো আমরা ভর্তি হতে পারিনি। দীর্ঘদিন পর হলেও আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এজন্য আনন্দ লাগছে।”
প্রফেসর ড. আবদুল হাকিম সরকার নিউজবাংলাদেশকে বলেন, “অনেক চড়াই-উৎরাই পেরিয়ে শিক্ষার্থীদের কল্যাণার্থে আমরা ক্যাম্পাস খুলে দিয়েছি। দীর্ঘ এ বন্ধে শিক্ষার্থীদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটি বিভাগে খোঁজ নেব এবং বিভাগীয় শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নেয়ার ব্যবস্থা করব।”
উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর ক্যাম্পাসে বাসচাপায় ছাত্র তৌহিদুর রহমান টিটু নিহত হওয়ার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের ৩৬টি গাড়ি পুড়িয়ে দেয় ও প্রশাসনসহ বিভিন্ন ভবনে ভাঙচুর চালায়।
এ ঘটনায় ওই দিনই অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে টানা চার মাস বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল।
প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে বুধবার তার বাসভবনে ২২৭তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেয়া হয় এবং শনিবার থেকে ক্লাস-পরীক্ষা চালু হয়।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








