News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০১, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:৪২, ১০ ফেব্রুয়ারি ২০২০

ঢাবি ছাত্রীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ঢাবি ছাত্রীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান তুষ্টির ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন করা হয়। এসময় তারা দোষী স্বামী মেজর নজির উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে বক্তারা ওই মেজরকে অবিলম্বে সেনাবাহিনীর অপসারণের দাবি জানিয়ে বলেন, “আমরা সেনা প্রধানের উদ্দেশ্যে বলতে চাই সেনাবাহিনীর একজন সদস্য হয়ে মেজর নাজির কীভাবে যৌতুকের দাবিতে তার স্ত্রীর উপর এ ধরনের অমানবিক নির্যাতন করতে পারে। সে আমাদের সেনাবাহিনীকে কলঙ্কিত করছে।”

তুষ্টির ওপর অত্যাচারের বর্ণনা দিয়ে মানববন্ধনে তুষ্টির ভাই মুয়িদ হাসান ত্বরিৎ বলেন, ‘দীর্ঘদিন ধরে নজির উদ্দিন আমার আপুর কাছে ৫০ কোটি টাকা দাবি করে আসছিল। একই সঙ্গে একটি গাড়িও দাবি করে। সর্বশেষ আমরা ৫ কোটি টাকা ও গাড়ি দিতে রাজি হই। কিন্তু তাতে সে সন্তুষ্ট হয় নি। সে আমার আপুকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতে থাকে।”

মেজর নাজিরের বাবাও তুষ্টির ওপর অত্যাচার করেছে উল্লেখ করে মুয়িদ বলেন, “সর্বশেষ গত সোমবার রাতে আমার আপু ফোন দিয়ে তাকে বাঁচাতে বলে। আমরা গিয়ে দেখি নাজির ও তার বাবা-মা মিলে আমার আপুকে মারধর করছে। এসময় নাজিরের বাবা তুষ্টির বুকে আঘাত করে।”

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতাউর রহমান, অধ্যাপক ড. আলী আক্কাস, অধ্যাপক ড. রায়হান উদ্দিন, তুষ্টির ছোট ভাই মুয়িদ হাসান ত্বরিৎ, বান্ধবী আনীলা আলী প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়