রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষকের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষকের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উক্ত শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ২৭টি প্রশাসনিক পদ থেকে অব্যাহতির আবেদন করেছিলেন।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ উল আলম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে শিক্ষকদের আবেদন গ্রহণ করার বিষয়টি জানানো হয়েছে।
প্রশাসনিক পদসমূহ থেকে অব্যাহতির আবেদন করে পদত্যাগপত্র জমা দেওয়া শিক্ষকরা হলেন- আর এম হাফিজুর রহমান, সাইদুল হক, মোরশেদ হোসেন, সরিফা সালোয়া, রফিউল আজম খান, তানিয়া তোফাজ, সাইদুর রহমান, শেখ মাজেদ, শফিকুর রহমান, শরীফুল ইসলাম, কমলেশ চন্দ্র রায়, আজিজুর রহমান, এইচ. এম. তারিকুল ইসলাম ও আলী রায়হান সরকার।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কিছু দাবি আদায়ের লক্ষ্যে গত বছরের ৯ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে ১৮ জন শিক্ষক ৩৫টি প্রশাসনিক পদ থেকে এক যোগে পদত্যাগ করেন। এর মধ্যে চারজন শিক্ষক তাঁদের পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন। বাকি ১৪ জন শিক্ষক তাঁদের পদত্যাগপত্র প্রত্যাহার না করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করে।
মোর্শেদ উল আলম জানান, পদত্যাগকারী শিক্ষকদের পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য মৌখিকভাবে ও লিখিতভাবে একাধিকবার অনুরোধ করার পরও তা প্রত্যাহার না করায় উল্লেখিতদের পদত্যাগপত্র গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এ ব্যাপারে উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন, পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও পদত্যাগকারী শিক্ষকদের কোন সাড়া পাওয়া যায় নি। এতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণ ও ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছিল। ফলে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার স্বার্থে তাঁদের পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত এসব পদ পূরণ করা হবে বলেও জানান উপাচার্য।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








