২০২৬ সালের এসএসসি কেন্দ্রের তালিকা প্রকাশ
ফাইল ছবি
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
বোর্ড জানিয়েছে, কেন্দ্র সংক্রান্ত কোনো আপত্তি থাকলে তা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে লিখিত আকারে পরীক্ষানিয়ন্ত্রক দপ্তরে জানাতে হবে। ৩১ ডিসেম্বরের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিটি বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। কেন্দ্র সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ লিখিত আকারে ৩১ ডিসেম্বরের মধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে তা জানাবেন।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষা পিছানোর কারণ ও সম্ভাব্য নতুন সময়সূচি
সূত্র জানিয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষা স্বাভাবিক সময়ের তুলনায় দুই থেকে তিন মাস পেছানো হতে পারে। আনুষ্ঠানিকভাবে পরীক্ষা আগামী বছরের এপ্রিল মাসের শেষ দিকে অথবা মে মাসের শুরুর দিকে হতে পারে। চলতি মাসেই পরীক্ষার রুটিনসহ সব বিষয় চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে।
পরিস্থিতি এমন, যেহেতু ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, স্বাভাবিক সময়ে শুরু হওয়া এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে সম্ভব হবে না। এ কারণে পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর আগে করোনা পরিস্থিতি বা অন্যান্য নানা কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর নজির রয়েছে।
তথ্য অনুযায়ী, ২০২০ সাল পর্যন্ত এসএসসি বা সমমানের পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে মার্চ মাসে শেষ হতো। ২০২১ সালে করোনা সংক্রমণের কারণে পরীক্ষা নভেম্বর থেকে শুরু হয়েছিল। ২০২২ সালে পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর, ২০২৩ সালে ৩০ এপ্রিল এবং সর্বশেষ ২০২৪ সালে ১৫ ফেব্রুয়ারি।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, চলতি বা আগামি সপ্তাহে বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় পরীক্ষার রুটিন ও তারিখ চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবারের পরীক্ষা এপ্রিল মাসের শেষ দিকে বা মে মাসের শুরুর দিকে শুরু হতে পারে।
নিউজবাংলাদেশ.কম/পলি








