News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৭, ২২ ডিসেম্বর ২০২৫

এসএসসি পরীক্ষা পিছানোর কারণ ও সম্ভাব্য নতুন সময়সূচি

এসএসসি পরীক্ষা পিছানোর কারণ ও সম্ভাব্য নতুন সময়সূচি

ফাইল ছবি

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় অন্তত দুই থেকে তিন মাস পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান ও ঈদুল ফিতরের কারণে পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারিতে নেওয়া সম্ভব নয়।

প্রতিবছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয় এসএসসি পরীক্ষা। তবে ২০২৬ সালে পরিস্থিতি আলাদা। নির্বাচনের কারণে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এবং শিক্ষক-কর্মকর্তারা নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা নেওয়া বাস্তবসম্মত নয়।

নির্বাচনের পরই শুরু হবে পবিত্র রমজান মাস, যা ২০২৬ সালের মার্চের শেষ দিকে ঈদুল ফিতরের মাধ্যমে শেষ হবে। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, রোজা ও দীর্ঘ ঈদের ছুটির মধ্যে পাবলিক পরীক্ষার মতো বড় আয়োজন করা কঠিন। সব কিছুর বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষা অন্তত তিন মাস পিছিয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার সুযোগ এবার দৃশ্যত নেই। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ঈদুল ফিতরের ছুটি শেষে এপ্রিলের মাঝামাঝি অথবা মে মাসের শুরুতে পরীক্ষা শুরু করার পরিকল্পনা মাথায় রেখে একটি খসড়া সময়সূচি তৈরি করা হচ্ছে।

এসএসসি পরীক্ষার সময়সূচি বিভিন্ন কারণে আগেও পরিবর্তিত হয়েছে। ২০২০ সাল পর্যন্ত পরীক্ষা নিয়মিতভাবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে মার্চের মধ্যেই শেষ হতো। তবে ২০২১ সালে করোনাভাইরাস মহামারির কারণে পরীক্ষা শুরু হয় নভেম্বর মাসে। ২০২২ সালে পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর থেকে, ২০২৩ সালে এপ্রিলের শেষে এবং ২০২৪ সালে আবার স্বাভাবিক সময়ে, ১৫ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, চলতি সপ্তাহ অথবা আগামী সপ্তাহে বোর্ড সভায় পরীক্ষার চূড়ান্ত তারিখ ও রুটিন নির্ধারণ করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সমস্ত বিষয় চূড়ান্ত হলে এক সপ্তাহের মধ্যে পরীক্ষার রুটিনসহ সিদ্ধান্ত প্রকাশ করা হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়