জানুয়ারিতে ক্লাস শুরুর আশায় নালন্দা উচ্চ বিদ্যালয়
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে সৃষ্ট ক্ষোভ-বিক্ষোভের মধ্যে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় নালন্দা উচ্চ বিদ্যালয়ের ছায়ানট সংস্কৃতি-ভবনের একাধিক শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতি কাটিয়ে জানুয়ারিতেই শিক্ষা কার্যক্রম চালু করতে চায় বিদ্যালয় কর্তৃপক্ষ।
ঘটনার পর শুক্রবার ভোররাত পৌনে চারটার দিকে ছায়ানট অনির্দিষ্টকালের জন্য তাদের সব কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। এতে নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যথাসময়ে শুরু হবে কি না- তা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
তবে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নালন্দা উচ্চ বিদ্যালয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) থেকে শীতকালীন অবকাশ শুরু হয়েছে। আগামী ৭ জানুয়ারি বিদ্যালয় খোলার কথা রয়েছে। এ সময়ের মধ্যেই ক্ষয়ক্ষতি মেরামত করে পাঠদান শুরুর বিষয়ে তারা আশাবাদী।
শুক্রবার ছায়ানট ভবনের সামনে একাধিক অভিভাবককে উপস্থিত থাকতে দেখা যায়। অভিভাবক আফরোজা খাতুন বলেন, ‘আমার সন্তান এখানে পড়াশোনা করে। একটি স্কুলে আগুন দেওয়া হয়েছে- ভাবতেই খুব খারাপ লাগছে।’
আন্তর্জাতিক সংস্থায় কর্মরত এক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এই ঘটনায় আমার মেয়ের মনে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা তার মানসিক বিকাশের জন্য ভালো হবে কি না- সে বিষয়ে আমি শঙ্কিত। যদি বিদ্যালয়ের কার্যক্রম শুরু হতে দেরি হয়, তাহলে এই ক্ষোভ আরও বাড়বে।’
তবে সব অভিভাবকের মনোভাব এক নয়। দশম শ্রেণিতে উত্তীর্ণ এক শিক্ষার্থীর মা ইশিকা রায় বলেন, ‘এ ধরনের হামলায় ছায়ানট হার মানবে না। শিক্ষা কার্যক্রমে কোনো ঘাটতি আসতে দেবে না -এ বিশ্বাস আমার আছে।’
এ বিষয়ে ছায়ানটের নালন্দা উপ-সংসদের সদস্য ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যসচিব সুমনা বিশ্বাস জানান, শিক্ষা কার্যক্রম নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। সিদ্ধান্ত নিতে আরও দু-একদিন সময় লাগতে পারে।
তিনি বলেন, অংকুর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষার ফলাফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং শিক্ষার্থীরা খাতা ও মূল্যায়নপত্র নিয়ে বাড়ি গেছে। তবে বিদ্যালয়ে সংরক্ষিত কিছু নথি ও উপকরণের অবস্থা যাচাই করা প্রয়োজন।
সুমনা বিশ্বাস আরও জানান, টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশের নির্ধারিত তারিখ ২৩ ডিসেম্বর। শিক্ষকরা অনলাইনে দক্ষ হওয়ায় নির্ধারিত সময়েই ফলাফল প্রস্তুত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। প্রয়োজনে অনলাইনের মাধ্যমে অভিভাবকদের ফলাফল জানানো হবে।
আরও পড়ূন: স্থির প্রত্যয় যাত্রায় অবিচল থাকার শানিত শপথ ছায়ানটের
এদিকে শুক্রবার সন্ধ্যায় ছায়ানটের সভাপতি সারওয়ার আলী ও সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়,‘ছায়ানট একটি স্বেচ্ছাসেবী ও স্বনির্ভর সাংস্কৃতিক প্রতিষ্ঠান। কোনো সরকার, বিদেশি সংস্থা বা করপোরেট অনুদান গ্রহণ না করেও ছায়ানট আত্মশক্তিতে বলীয়ান হয়ে এই ক্ষতি কাটিয়ে উঠবে। সংগীত ও শিশুদের সাধারণ শিক্ষায় সৃষ্ট সাময়িক বিঘ্ন দ্রুত দূর করতে আমরা বদ্ধপরিকর।’
নিউজবাংলাদেশ.কম/এসবি








