শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন
ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এ পদ্ধতি দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে কার্যকর হবে বলে বুধবার এনটিআরসিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল এবং কলেজ উভয় পর্যায়ে দুটি পরীক্ষা একসাথে চার ঘণ্টা ধরে (এমসিকিউ পদ্ধতিতে আবশ্যিক বিষয়ের পরীক্ষা এক ঘণ্টা এবং বর্ণনামূলক পদ্ধতিতে বিষয়-ভিত্তিক লিখিত পরীক্ষা তিন ঘণ্ট) বিরতিহীনভাবে গ্রহণ করা হতো। আসন্ন দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রার্থীদের অনলাইনে আবেদন করার পর প্রথম ধাপে এক ঘণ্টার ১০০ নম্বরের প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে।
স্কুল পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট প্রথম দিনে এবং কলেজ পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে। স্বল্প সময়ের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষিত হবে। অত:পর প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীগণ দ্বিতীয় ধাপে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিণ্ট কপির সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ অন্যান্য কাগজপত্র পাঠাতে হবে।
আবেদনসমূহ যাচাই বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের যথারীতি নিবন্ধন সনদপত্র দেওয়া হবে।
প্রিলিমিনারি টেস্ট পূর্বের ন্যায় ২০টি জেলাভিত্তিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে দ্বিতীয় ধাপের পরীক্ষার কেন্দ্র সংখ্যা কমানো হবে।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








