ঝিনাইদহের নিখোঁজ ব্যবসায়ীর লাশ মাগুরায় উদ্ধার
ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার তৈমুর রহমান তুরান (৩৫) নামের এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ মাগুরা সদর উপজেলার আলমখালী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পশ্চিম রামনগর এলাকার আলমখালি ব্রিজের কাছে একটি লিচু বাগানে হাত পা বাঁধা একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গুলিবিদ্ধ ওই যুবকের নাম তৈমুর রহমান তুরান। কয়েকদিন আগে ঝিনাইদহের আরাপপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল শুক্রবার শহরের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে তুরানকে অপহরণ করা হয় বলে পরিবারের অভিযোগ। এরপর থেকে তার খোঁজ পায়নি পরিবারের সদস্যরা। এ ঘটনায় ওই ব্যবসায়ীর স্ত্রী তানিয়া আক্তার মুক্তি ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি শহরের আরাপপুর বাসস্ট্যান্ডের ওয়ার্কশপ ব্যবসায়ী। তার বাবার নাম আজিজুর রহমান।
নিউজবাংলাদেশ.কম/এনকে/এফই
নিউজবাংলাদেশ.কম








