News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৮, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ১০:৫৯, ১৮ জানুয়ারি ২০২০

সান গার্মেন্টসের বকেয়া বেতন পরিশোধের দাবি

সান গার্মেন্টসের বকেয়া বেতন পরিশোধের দাবি

ঢাকা: সান গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবি জানিয়েছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আয়োজনে ‘অবিলম্বে সান গার্মেন্টস খুলে দেয়া এবং বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি’ শীর্ষক মানববন্ধনে তারা এ দাবি জানান।

শ্রমিক নেতারা বলেন, ৪ এপ্রিল শ্রম মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম পরিচালক, কলকারখানা পরিদর্শক এবং বিজিএমই বরাবর লিখিত অভিযোগ দায়ের করার পরও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষই সমাধানের জন্য উদ্যোগ বা আলোচনা করেনি। গত ৪ এপ্রিল কারখানা কর্তৃপক্ষ মার্চ মাসের বকেয়া বেতন ও আইনানুগ পাওনা পরিশোধ না করে বেআইনিভাবে কারখানা বন্ধ করে দেয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি নুরুন নাহারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা মো. ইলিয়াস, মো. কবির হোসেন প্রমুখ।

সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়কারী এম. দেলোয়ার হোসেন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, বাংলাদেশ যুবমৈত্রীর সাংগঠনিক সম্পাদক কায়সার আলম।

বক্তারা বলেন, চাকরি হারিয়ে বকেয়া বেতন না পেয়ে সান গার্মেন্টসের শ্রমিকরা এখন মানবেতর জীবনযাপন করছে।

তারা অবিলম্বে কারখানা খুলে দেয়া এবং শ্রমিকদের বকেয়া বেতন ভাতা ও আইনানুগ পাওনাদি পরিশোধের ব্যবস্থা গ্রহণে সরকার, মালিক ও বিজিএমইএ এর প্রতি দাবি জানান।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়