News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪৯, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ১০:৫৯, ১৮ জানুয়ারি ২০২০

সময় মতো ফাঁসি হয়ে যাবে

সময় মতো ফাঁসি হয়ে যাবে

ঢাকা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি সময় মতো হয়ে যাবে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল। তিনি বলেন, “কিছুক্ষণের মধ্যে তার কাছে ম্যাজিস্ট্রেট যাবেন। যদি কামারুজ্জামান প্রাণভিক্ষা চান তবে ফাঁসি কার্যকরে বিছুটা সময় লাগবে। যদি প্রাণভিক্ষা না চান তবে যেকোনো মুহূর্তে ফাঁসি হয়ে যাবে।”

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন সাংবাদিকরা। এসময় রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রায় কার্যকরে জেলকোড অনুসরণ করা হবে জানিয়ে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, “আদালতের নির্দেশনার আলোকে রায় কার্যকর হবে। রায়ে একটা নির্দেশনা এসেছে। সেখানে বলা হয়েছে, কামারুজ্জামানকে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা চাওয়ার সুযোগ দেয়া যেতে পারে।”

এ বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “ক্ষমা চাওয়ার বিষয়ে জানতে কামারুজ্জামানের কাছে (বুধবার) জেলা ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছে। তিনি একদিনের সময় নিয়েছেন। এখন তিনি যদি আরো এক ঘণ্টা সময় চান তাও দেয়া হবে।”

এর পর সাংবাদিকরা প্রশ্ন করেন, “আজই কি রায় কার্যকর হবে?”

তখন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, “আজই হয়ে যাবে এটা বলতে পারব না। তবে সময় মতো এক্সিকিউশন (ফাঁসি কার্যকর) হয়ে যাবে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার কারাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করেছেন তার আইনজীবীরা। সাক্ষাত শেষে অ্যাডভোকেট শিশির মনির জানান, ক্ষমা চাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরো ভাববেন। তারপর আইনজীবীদের মাধ্যমে সিদ্ধান্ত জানাবেন।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়