সাংবাদিক পরিবারকে অনুদান দিল ডিআরইউ
ঢাকা: প্রয়াত সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার ও শামসুস সালেহীনের পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
মঙ্গলবার প্রতিষ্ঠানের সাগর-রুনী মিলনায়তনে দুই সাংবাদিকের স্মরণ সভায় এ চেক দেয়া হয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা বলেন, “সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার ও শামসুস সালেহীন ছিলেন সদা হাস্যজ্বল, বিনয়ী এবং কাজের প্রতি সর্বদা একনিষ্ঠ ও সৎ।”
এ সময় তিনি ডিআরইউয়ের সদস্য সাংবাদিকদের জন্য একটি গ্রুপবীমা ব্যবস্থা করার কথা উল্লেখ করে বলেন, “এ বীমা থেকে স্বাভাবিক মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবার পাবে ৩ লাখ, দুর্ঘটনায় মারা গেলে পাবে ৬ লাখ এবং হার্ট ও মস্তিষ্কজনিত রোগে ভোগা সাংবাদিকরা পাবেন ১ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া ইসলামী ব্যাংকের সহয়তায় নাক, কান, গলা হার্ট কিডনির চিকিৎসার জন্য ক্যাম্প করা হবে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির ১৪০০ সদস্য বিনামূল্যে চিকিৎসা নিতে পারবে বলে জানান তিনি।
স্মরণসভায় আরও বক্তব্য রাখেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, মহাসচিব আব্দুর জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, সাবেক সভাপতি ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এএইচকে/এজে
নিউজবাংলাদেশ.কম








