News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৩, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৭, ১৮ জানুয়ারি ২০২০

বাস-ইজিবাইক সংঘর্ষ

লালমনিরহাটে একই পরিবারের ৫ সদস্য নিহত

লালমনিরহাটে একই পরিবারের ৫ সদস্য নিহত

লালমনিরহাট: লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সেলিমনগর এলাকায় রংপুর-কুড়িগ্রাম জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস এলাকার নুরুল আমীনের স্ত্রী জবেদা খাতুন (৬০), ছেলে উমর ফারুক (৩৮), নাতনী লাম্মি আক্তার (৯), আলিফ উদ্দিন (৪) এবং মেয়ে শাহের বানু (২৪)। এরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার রায় জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তারা কুড়িগ্রাম থেকে ইজিবাইক যোগে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাসপাড়ার নিজবাড়িতে ফিরছিল। লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সেলিমনগরে রংপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন একই পরিবারের ওই পাঁচ সদস্য। এ সময় ইজিবাইকে থাকা অপর চার যাত্রী গুরুতর আহত হন। আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) আদিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একই পরিবারের পাঁচ সদস্য হারিয়ে শোকে কাতর অভিভাবকরা লাশের ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করেছেন। ফলে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) আদিবুল ইসলাম নিউজবাংলাদেশকে জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নাম ও নম্বরবিহীন ঘাতক বাসটি ঘটনাস্থলে রাস্তার পাশে উল্টে পড়ে রয়েছে। ইজিবাইকের চালক ও বাসের চালক পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশি তৎপরাতা বাড়ানো হয়েছে।  

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়