News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:১৬, ৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৮:৩৯, ৪ ফেব্রুয়ারি ২০২০

অবিলম্বে মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান

অবিলম্বে মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান

ঢাকা: মৃত্যুদণ্ডের বিষয়ে অবস্থান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি মৃত্যুদণ্ডের মতো কঠোর দণ্ড অবিলম্বে স্থগিত করার আহ্বান জানিয়েছে।

সোমবার জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির আদেশ পুনর্বিবেচনার আবেদন (রিভিউ পিটিশন) খারিজ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে একটি বিবৃতি দেন সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস। ৬ এপ্রিল এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।  

বিবৃতিতে বলা হয়, হিউম্যান রাইটস ওয়াচ অবিলম্বে মৃত্যুদণ্ড স্থগিত করার বিষয়ে বাংলাদেশের প্রতি দীর্ঘদিনের আহ্বান পুনর্ব্যক্ত করছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ ও বিভিন্ন সংস্থার বিবৃতি অনুযায়ী মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

এতে আরো বলা হয়, বাংলাদেশের উচিৎ মৃত্যুদণ্ড স্থগিতের বিষয়ে ২০০৭ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের রেজুলেশনে সম্মতি দেয়া বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যোগ দেয়া। হিউম্যান রাইটস ওয়াচ সব অবস্থাতেই মজ্জাগতভাবে নিষ্ঠুর শাস্তি মৃত্যুদণ্ডের বিরোধী।

বিবৃতির শুরুতে কামারুজ্জামানের যুদ্ধাপরাধ মামলা ও রিভিউয়ের বিষয়ে কিছু বিবরণ দেয়া হয়।

এতে বলা হয়, ১৯৭১ সালে সংগঠিত ভয়ঙ্কর অপরাধের ন্যায়বিচার ও দায়িত্বের প্রতি হিউম্যান রাইটস ওয়াচের দীর্ঘদিনের সমর্থন রয়েছে। কিন্তু এতে আন্তর্জাতিক স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মানদণ্ড অনুসরণ করা উচিৎ। কামারুজ্জামানের ক্ষেত্রে সে মানদণ্ড মানা হয়নি।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়