‘আজ ফাঁসি দেয়া সম্ভব নয়’
ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় আজ রাতে কার্যকর হচ্ছে না।
সোমবার রাত ৭টা ৫২ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “কামারুজ্জামানের রায়ের কপি আমাদের হাতে এসে পৌঁছায়নি। কপি না পাওয়ায় কারণে দণ্ড কার্যকরের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেয়া আজকে সম্ভব হচ্ছে না।”
রায়ের কপি কখন আসতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফরমান আলী বলেন, “কবে, কখন রায়ের কপি কারাগারে এসে পৌঁছাবে তা আমাদের জানা নেই। যখন আমাদের কাছে তা এসে পৌঁছাবে, তখনই আমরা রায় কার্যকরের সিদ্ধান্ত নিতে পারব।”
প্রাণভিক্ষার বিষয়ে জানতে চাইলে ফরমান আলী বলেন, “রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া-না চাওয়ার বিষয়টি আজকে না, কারণ রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর আসামির কাছে জানতে চাওয়া হবে আপনি ক্ষমা চাইবেন কি না। তাই এখন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।”
এর আগে সোমবার সন্ধ্যায় কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পরিবারের সদস্যরা। দেখা করে কারাগার থেকে ফেরার পথে তারা বিজয় চিহ্নও দেখান।
উল্লেখ্য, সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে এখন তার রায় কার্যকরে আর কোনো বাধা নেই।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম








