News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৬, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৮, ১৮ জানুয়ারি ২০২০

‘বিদায় দিয়ে ফিরে যাচ্ছি’

‘বিদায় দিয়ে ফিরে যাচ্ছি’

ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে তার বড় ছেলে হাসান ইকবাল বলেছেন, আমরা বিচলিত নই। আমরা হাসিমুখেই তার সঙ্গে দেখা করতে এসেছিলাম, এখন হাসিমুখেই বিদায় দিয়ে ফিরে যাচ্ছি।

 

সোমবার সন্ধ্যায় কামারুজ্জামানের সঙ্গে দেখা করে বের হয়ে জেলগেটে ‘ভি’ চিহ্ন দেখানো প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হাসান ইকবাল একথা বলেন।

প্রসঙ্গত কামারুজ্জামানের পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করে কারাগার থেকে ফেরার পথে বিজয় চিহ্ন দেখান।

কামারুজ্জামান শারীরিকভাবে ভালো আছেন এবং মানসিকভাবে দৃঢ় রয়েছেন জানিয়ে হাসান ইকবাল বলেন, “ওনার ইচ্ছা শেরপুরে প্রতিষ্ঠিত নিজের এতিমখানাতে যেন তার দাফন করা হয়।”

রায়ের বিষয়ে কামারুজ্জামান বলেছেন, আমি ন্যায়বিচার পাইনি। আমার সঙ্গে যা করা হলো তার উচিৎ জবাব তরুণ প্রজন্ম দেবে বলেও জানান ইকবাল।

 

প্রাণভিক্ষা চাওয়ার বিষয়ে তিনি বলেন, “এখনো আমরা রায়ের কপি হাতে পাইনি। রায়ের কপি পেলে আইনজীবীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”

 

এ সময় কারা কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করে কামারুজ্জামানের বড় ছেলে আরও বলেন, “তার (কামারুজ্জামানের) সঙ্গে এটাই আমাদের শেষ দেখা কী না এ বিষয়ে তারা কিছুই বলেনি। এমনকি আমাদের সরাসরি দেখা করার সুযোগ দেয়া হয়নি। পকেট গেট দিয়ে সাক্ষাৎ করতে হয়েছে।”

 

এর আগে সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে তারা কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করে যান পরিবারে সদস্যরা। সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে একটি সাদা রঙের নোয়া গাড়িতে করে কারা ফটকে আসেন।


উল্লেখ্য, সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে এখন তার রায় কার্যকরে আর বাধা নেই।

 

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়