কামারুজ্জামানের সঙ্গে পরিবারের সাক্ষাৎ
ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পরিবারের সদস্যরা।
সোমবার সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে তারা কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করে বের হয়ে যান। এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে একটি সাদা রঙের নোয়া গাড়িতে করে কারাফটকে আসেন।
পরিবারের সদস্যদের মধ্যে যারা সাক্ষাৎ করেছেন, তারা হলেন- কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল ওয়ামি, ছোট ছেলে হাসান ইমাম ওয়াসি, স্ত্রী নূরন্নাহার, মেয়ে আছিয়া নূর, ভাগ্নি রোকসানাসহ মোট এগারো জন।
কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল বিষয়টি নিউজবাংলাদেশ.কমকে নিশ্চিত করেছেন।
এর আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাননি তার আইনজীবীরা। বেলা সোয়া ১১টায় শিশির মনিরের নেতৃত্বে পাঁচ আইনজীবী ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে কর্তৃপক্ষের কাছে কামারুজ্জামানের সঙ্গে দেখা করার আবেদন করেন। কিন্তু বিকেলে তাদের দেখা করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে এখন তার রায় কার্যকরে আর কোনো বাধা নেই।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম








