১০ এপ্রিল থেকে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বৈসাবি উৎসব
বান্দরবান: উপজাতীয়দের প্রাণের উৎসব বৈসাবি পালনে ১০ এপ্রিল থেকে প্রস্তুতি শুরু হতে যাচ্ছে লামা উপজাতি পল্লীগুলোতে। উপজাতি জুম সংস্কৃতি বিকাশে ও ঐতিহ্য সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবানকে সামনে রেখে পালিত হবে এ উৎসব।
৫,০৯৮ বর্গমাইল আয়তনের ৩ পার্বত্য জেলার ২৫টি উপজেলার সমন্বয়ে গঠিত পার্বত্য চট্টগ্রামে ১০টি ভাষাভাষি ১১টি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর প্রধান উৎসব বৈসাবি। এ উৎসবে নতুন প্রাণে নেচে ওঠে এ অঞ্চলের ক্ষুদ্র-নৃগোষ্ঠীরা। পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণের মাধ্যমে ৩ পর্বে ভাগ করে এ উৎসবের আয়োজন করা হয়।
প্রথম পর্বে ফুল বিজু, দ্বিতীয় পর্বে মূল বিজু, তৃতীয় পর্বে নতুন বছরকে বরণ। বান্দরবানে এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, সম্প্রদায় ও সর্বস্তরের জনগণ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। যা আদিবাসীদের সাহিত্য- সংস্কৃতি চর্চায় এনে দেয় নতুন মাত্রা।
বিজু, সাংগ্রাই, বৈসুক, সাইক্রান, বিষ্ণু, বিহু উদযাপন কমিটি লামার আহবায়ক বলেন, “১০ এপ্রিল থেকে ৩ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। আদিবাসীদের বৈসুক, সাংগ্রাই, সাইক্রান, বিষ্ণু, বিজু, বিহু উৎসব আয়োজনের মধ্য দিয়ে সংস্কৃতির মৌলিক রূপ প্রবাহমান ধারা অব্যাহত থাকবে।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








