বাংলাদেশ-ভারতের মধ্যে সংশোধিত বাণিজ্য চুক্তির খসড়া অনুমোদন
ঢাকা: বাংলাদেশ-ভারতের মধ্যকার জল, স্থল ও রেলপথ ব্যবহারের বিধান সংযুক্ত করে দু’দেশের মধ্যে সংশোধিত বাণিজ্য চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইন দুটির খসড়া অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এতথ্য জানান।
তিনি বলেন, “এ চুক্তির ফলে বাংলাদেশ ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য সুবিধা পাবে। এতে করে দু’দেশই উপকৃত হবে।”
তিনি আরো বলেন, “এ চুক্তিতে আরো একটি সংযুক্তি রয়েছে। এটি হলো, চুক্তির মেয়াদ ৩ বছরের জায়গায় ৫ বছর করা হচ্ছে। এক্ষেত্রে কোনো দেশের আপত্তি না থাকলে তা অটোমেটিক্যালি নবায়ন হবে।
তিনি বলেন, “কোনো সংশোধনের প্রয়োজন হলে এক দেশ অন্য দেশের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে।”
কর আরোপের বিষয়ে তিনি বলেন, “উভয় দেশের আলোচনার মাধ্যমে কর বা ফি নির্ধারণ করা হবে। তবে তা উভয় দেশের জন্য কার্যকর হবে। এ চুক্তি আগামী মাস থেকে কার্যকরের কথা রয়েছে।”
নিউজ বাংলাদেশ.কম/টিআইএস/এটিএস
নিউজবাংলাদেশ.কম








