রাজধানীর খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২
ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৬০) ও আব্দুর রাজ্জাক (২০) নামে একই বাড়ির দুই ব্যক্তি নিহত হয়েছেন। আনোয়ার হোসেনের পিতার নাম হাজী মকবুল হোসেন এবং রাজ্জাকের পিতার নাম আবু জাফর।
নিহত আনোয়ার হোসেন খিলগাঁও তিলপাপাড়ার তারাকো এলাকার বাসিন্দা। নিহত আব্দুর রাজ্জাকের বাড়ি পলাশবাড়ি, গাইবান্ধা। তিনি আনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
সকালে নিজ বাড়ির সামনে জমে থাকা পানি নিষ্কাশন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন আনোয়ার হোসেন। তাকে উদ্ধার করতে গিয়ে বাড়ির ভাড়াটিয়া আব্দুর রাজ্জাকও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেন ও আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন।
ময়না তদন্তের জন্য সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে আনা হয়। তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ সেন্টু চন্দ্র দাস।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








