নোয়াখালীতে শিবির-পুলিশ সংঘর্ষে ১ শিবিরকর্মী নিহত, আহত ৫
নোয়াখালী: মাইজদীতে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে ১ শিবিরকর্মী নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে ৫ জন।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মাইজদীর মফিজ প্লাজার সামনের প্রধান সড়কে জামায়াত নেতা কামারুজ্জমানের রিভিউ আবদেন খারিজ হওয়ার প্রতিবাদে জামায়াত-শিবিরের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত শিবির কর্মী ও গুলিবিদ্ধ আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে নিহতের মৃতদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আহতদেরকেও একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন নিউজবাংলাদেশকে বলেন, “যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা কামারুজ্জমানের রিভিউ আবদেন খারিজ হওয়ার পর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শহরে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে।”
তিনি বলেন, “এসময় পুলিশ বাধা দিলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।”
ওসি আরো বলেন, “এ পরিস্থিতিতে শিবিরের এক কর্মী দৌড়ে পালাতে গিয়ে রাস্তার পাশের ড্রেনে পড়ে যায়। এসময় মাথায় গুরুতর আঘাত পেলে তার মৃত্যু ঘটে।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








