News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:০২, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২৯, ১৯ জানুয়ারি ২০২০

মঙ্গল ও বুধবার জামায়াতের হরতাল

মঙ্গল ও বুধবার জামায়াতের হরতাল

ঢাকা: দেশব্যাপী মঙ্গল ও বুধবার দুইদিনের হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। মানবতাবিরোধী অপরাধের মামলায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে সোমবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দলটির সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার পরপরই হরতালের ডাক দেয় জামায়াত।

দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। তবে ঠিক কখন থেকে হরতাল শুরু ও শেষ হবে তার নির্দিষ্ট কোনো সময় উল্লেখ নেই বিবৃতিতে।

মুহাম্মদ কামারুজ্জামানকে ‘হত্যার সরকারি ষড়যন্ত্রের’ প্রতিবাদে এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করার উদ্দেশে পরিকল্পিতভাবে নেতাদেরকে হত্যা করার মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অস্থির হয়ে পড়েছে। মিথ্যা, সাজানো বায়বীয় অভিযোগে মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে সরকার ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। দলীয় লোকদের দ্বারা স্বাক্ষ্য প্রদান করিয়ে সরকার তাকে হত্যা করার জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত করার ব্যবস্থা করে।’

মকবুল আহমাদ বলেন, ‘দেশবাসী আশা করেছিল রিভিউ আবেদনে তিনি ন্যায় বিচার পাবেন। আজ (সোমবার) মাননীয় আদালতের প্রদত্ত রায়ে দেশবাসী হতাশ হয়েছে। ১৯৭১ সালে মুহাম্মদ কামারুজ্জামান উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র ছিলেন। এ বয়সের একজন তরুণের বিরুদ্ধে সরকারের আনীত অভিযোগ কত গভীর ষড়যন্ত্রমূলক তা সকলের কাছে স্পষ্ট।’

মুহাম্মদ কামারুজ্জামান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘সরকার জামায়াত নেতাদেরকে হত্যার মাধ্যমে নেতৃত্বশূন্য করে জামায়াতকে নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্র করছে দেশের জনগণ তা কখনো বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ।’

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়