সপ্তাজুড়েই মেঘলা আকাশ, থাকছে বৃষ্টি
ঢাকা: চলতি সপ্তাহের পুরোটা জুড়েই মেঘলা থাকবে আকাশ। সিলেট বিভাগের দু’এক জায়গাসহ দেশজুড়ে দমকা হাওয়াসহ থাকবে মাঝারি ধরণের বৃষ্টি। তাছাড়া সপ্তাহের শুরুতে ও শেষে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং মাঝামাঝি সময়ে সামান্য বৃদ্ধি পেতে পারে।
শনিবার আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মাহনাজ খান নিউজবাংলাদেশকে এ সব তথ্য জানান।
তিনি জানান, সপ্তাহের শুরুতে এবং শেষ দিকে সিলেট বিভাগসহ দেশের অন্যত্র ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বা আরো বেশি গতিতে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরণের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাছাড়া এ সপ্তাহের শুরুতে ও শেষ দিনে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং মাঝামাঝি সময়ে সামান্য বৃদ্ধি পেতে পারে।
কেন এমন মেঘলা আবহাওয়া এমন প্রশ্নের জবাবে মাহনাজ খান বলেন, “পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় দেশজুড়ে এমন মেঘলা আবহাওয়া থাকবে।”
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তি ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে পাবনা অঞ্জলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদুতাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এসময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় (০৮-১৫)কি.মি. বেগে বাতাস বয়ে বয়ে যেতে পারে। সেই সঙ্গে ৩০-৪০ কি.মি. বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাছাড়া শুক্রবার ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিলো শতকরা ৯১ ভাগ। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার এ অবস্থায় পরিবর্তন হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেটে রেকর্ড করা হয়েছে ৫১ মিলিমিটার, দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রামের কুতুবদিয়ায় ৩৭ মিলিমিটার। এছাড়া ঢাকায় মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম








