চাঞ্চল্যকর হত্যাকান্ড
কলেজ শিক্ষিকা কৃষ্ণার শেষকৃত্য সম্পন্ন
রাজবাড়ী: রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের হাতে নিহত মিশন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক কৃষ্ণা কাবেরী বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ডহর পাঁচুরিয়া গ্রামে স্বামী সীতাংশু শেখর বিশ্বাসের বাড়িতে এ কৃত্য সম্পন্ন হয়।
কৃষ্ণার মরদেহ ঢাকা থেকে আজ ভোররাত ৩টায় পাঁচুরিয়ায় পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরদেহ দেখতে ঢল নামে এলাকাবাসীর। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের বিচার দাবি করে এলাকাবাসী।
উল্লেখ্য, সোমবার রাতে মোহম্মদপুরের ইকবাল রোডে নিজ বাসায় আততায়ীর হাতে নৃশংসভাবে তিনি নিহত হন। এসময় তার স্বামী বিআরটিএ কর্মকর্তা সীতাংশু শেখর বিশ্বাস ও ২ কন্যা শ্রাবণী (১৪) ও অত্রী (৭) গুরুতরভাবে আহত হয়।
আহতরা বর্তমানে ঢাকার মহাখালী মেট্রপলিটন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








