News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৮, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৯, ১৮ জানুয়ারি ২০২০

আইএমএসওতে বাংলাদেশি মহাপরিচালক: সংবর্ধনা কাল

আইএমএসওতে বাংলাদেশি মহাপরিচালক: সংবর্ধনা কাল

ঢাকা: আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) আওতায় প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট সংস্থার (আইএমএসও) মহাপরিচালক ক্যাপ্টেন মঈন আহমেদকে কাল আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে।

এ ফোরামে বাংলাদেশের মহাপরিচালক হওয়ার ঘটনা এটিই প্রথম।

শনিবার সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী একেএম ফখরুল ইসলাম নিউজবাংলাদেশ.কমকে এ তথ্য নিশ্চিত করেন।

রাজধানীর ওয়েস্টিন হোটেলে সন্ধ্যা সাড়ে সাতটায় সংবর্ধনা আয়োজন করা হচ্ছে। এতে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ও বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূতসহ দেশের বিশিষ্টজন উপস্থিত থাকবেন।

চলতি মাসের ১৫ তারিখ এ পদে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে ক্যাপ্টেন মঈন আহমেদের।

জানা গেছে, এবারই প্রথম  ইউরোপের বাইরে এশিয়ায় বাংলাদেশের  প্রতিনিধি হিসেবে তিনি মহাপরিচালক পদে নির্বাচিত হন। তার এ বিজয়ে মেরিটাইম ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

আইএমএসওর  মতো গুরুত্বপূর্ণ সংস্থায় বাংলাদেশের নাগরিক মহাপরিচালক পদে নির্বাচিত হওয়ায় নৌপরিবহন মন্ত্রণালয় এবং মেরিটাইম ফোরাম বাংলাদেশ যৌথভাবে তার সংবর্ধনার আয়োজন করছে।
    
মহাপরিচালক পদের জন্য আইএমএসওর ৯৯টি  সদস্য  রাষ্ট্রের  মধ্যে  বাংলাদেশ  জার্মানি, ফ্রান্স, ইটালি ও রোমানিয়াসহ মোট পাঁচটি দেশ এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। মোট চারটি  পর্যায়ে ভোট গ্রহণ করা হয় এবং প্রতিটি পর্যায়ে বাংলাদেশের  প্রতিনিধি বিপুল ভোটের  ব্যবধানে  জয়লাভ করেন।

ক্যাপ্টেন মঈন বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (প্রযুক্তি)। তিনি বর্তমানে লন্ডনে অবস্থিত আন্তর্জাতিক নৌ সংস্থায় (আইএমও) লিয়েনে কর্মরত আছেন। তিনি যুক্তরাজ্য থেকে মাস্টার মেরিনার সনদ লাভ করেন এবং সুইডেনের মালমোতে অবস্থিত ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

উল্লেখ্য, ক্যাপ্টেন মঈন ২ এপ্রিল বাংলাদেশ সফরে এসেছেন।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়