বুড়িগঙ্গায় ট্রলারডুবি ঘটনার তদন্ত শুরু
ঢাকা: বুড়িগঙ্গা নদীতে ট্রলারডুবি ঘটনার তদন্ত শুরু করেছে সমুদ্র পরিবহন অধিদপ্তর। এ পর্যন্ত ট্রলারডুবিতে ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে তদন্ত শুরুর বিষয়টি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী একেএম ফখরুল ইসলাম।
তিনি বলেন, “সংস্থার শিপ সার্ভেয়ার মাইনুদ্দিন জুলফিকারকে আহ্বায়ক করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন, ম্যাজিস্ট্রেট গোলাম মাইনুদ্দিন হাসান এবং প্রধান পরিদর্শক শফিকুর রহমান।”
পরিদর্শক শফিকুর রহমান নিউজবাংলাদেশকে বলেন, “ঘটনার পর থেকেই তারা তাদের প্রাথমিক কাজ শুরু করেছেন। ঘটনস্থলে তাদের স্থানীয় কর্মকর্তা রয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রলারটি ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এসময় ট্রলারটিতে ৭০-৮০ জন যাত্রী ছিল। তারা চাঁদপুরের বেলতলীর শাহ্ সোলেমান লেংটার মাজারের ওরস ও মেলা থেকে ঢাকা ফিরছিল।
দুর্ঘটনার পর অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বেশ কয়েকজন নিখোঁজ থাকে। এরপর উদ্ধার অভিযানে এ পর্যন্ত ১৬ জনের লাশ পাওয়া গেছে।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এটিএস
নিউজবাংলাদেশ.কম








