আলমডাঙ্গায় চোরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আব্দুল হান্নান ওরফে হান(৪৪) নামে এক চোরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
শনিবার ভোর চারটার দিকে বটিয়াপাড়া মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আব্দুল হান্নান ওরফে হান আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিয়ালমারি গ্রামের বটিয়াপাড়ার মৃত টগর মালিথার ছেলে।
আহত একই পাড়ার বাবর আলির ছেলে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিয়ালমারি গ্রামের বটিয়াপাড়ার রিন্টু বিশ্বাসের পানবরজে আব্দুল হান্নানসহ কয়েক জন পান চুরি করতে যায়। এসময় রিন্টু তাদের ধাওয়া করলে তারা রিন্টুকে গাছকাটার দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে রিন্টুর চিৎকারে গ্রামবাসী সংঘটিত হয়ে চোরদের পিছু নিয়ে আব্দুল হান্নানকে ধরে ফেলে। এসময় গ্রামবাসী তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
আলমডাঙ্গা থানার ওসি মামুনর রশিদ জানান, এখনও কোনো মামলা হয়নি। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








