বুড়িগঙ্গায় ট্রলারডুবি: মৃতের সংখ্যা ১৬
নারায়ণগঞ্জ: বুড়িগঙ্গা নদীতে ট্রলারডুবির ঘটনায় আরো পাঁচজনের লাশ পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬।
শনিবার সকালে আবারো উদ্ধার কাজ শুরু হলে পাঁচজনের লাশ পাওয়া যায়।
তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রাজধানীর লালবাগ শহীদনগর এলাকার বাসিন্দা আব্দুস সামাদ (৩৫) ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে মাদ্রাসাছাত্র হাবিব (১২)। অন্য তিনজনের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হবে।
এর আগে শুক্রবার সকালে জমিলা খাতুন নামে একজনের (৬৫) লাশ উদ্ধার করা হয়। পরে আরো দুজনের লাশ পাওয়া যায়।
জমিলা খাতুন রাজধানীর লালবাগ শহীদনগর এলাকার আব্দুর রশিদের স্ত্রী।
বৃহস্পতিবার সকালে চাঁদপুরের মতলব থেকে ঢাকার উদ্দেশ্যে ৭০/৮০ জন যাত্রী নিয়ে আসা ট্রলারটি বেলা পৌনে ১টার দিকে ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বেশ কয়েকজন নিখোঁজ থাকেন।
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলীতে শাহ্ সোলেমান লেংটার মাজারের ওরস ও মেলা থেকে বৃহস্পতিবার তারা একটি ইঞ্জিনচালিত ট্রলারে ঢাকায় ফিরছিলেন।
দুর্ঘটনার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হলে একজনের মৃত্যু হয়। পরে সন্ধ্যা পর্যন্ত কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সাতজনের লাশ উদ্ধার করেন। এ পর্যন্ত যাদের লাশ পাওয়া গেছে তারা সবাই ঢাকার লালবাগের বাসিন্দা ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








