ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
ঝিনাইদ: ঝিনাইদহে ট্রাক-মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহরাব (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় মটর সাইকেলে থাকা আরো ২ যুবক গুরুতর আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার খড়িখালী নামক স্থানে। নিহতের বাড়ি শহরের কালিকাপুরে। তার পিতার নাম আক্কাছ আলী।
ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ কানজিলাল জানান, “আজ বিকালে ঝিনাইদহ জেলা শহর থেকে মটর সাইকেলে সোহরাবসহ ৩ জন কালীগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের খড়িখালি নামক স্থানে পৌছালে কালীগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সাথে মটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহরাব নিহত হয় এবং বাকি দুই জন গুরুতর আহত হয়।”
তিনি আরো জানান, “আহতদেরকে তাৎক্ষনিকভাবে স্থানীয়দের সহযোগীতায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশংকাজনক। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








