বুড়িগঙ্গায় ট্রলারডুবিতে মৃতের সংখ্যা ৯
নারায়ণগঞ্জ: বুড়িগঙ্গায় ট্রলারডুবির ঘটনায় আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয়।
বৃহস্পতিবারের এ নৌদুর্ঘটনায় শুক্রবার সকালে জমিলা খাতুন নামে আরো একজনের (৬৫) লাশ উদ্ধার করা হয়।
জমিলা খাতুন রাজধানীর লালবাগ শহীদনগর এলাকার আব্দুর রশিদের স্ত্রী।
স্বজনরা জানান, আরো অন্তত চারজন যাত্রী নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার সকালে চাঁদপুরের মতলব থেকে ঢাকার উদ্দেশ্যে ৭০/৮০ জন যাত্রী নিয়ে আসা ট্রলারটি বেলা পৌনে ১টার দিকে ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বেশ কয়েকজন নিখোঁজ থাকেন।
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলীতে শাহ্ সোলেমান লেংটার মাজারের ওরস ও মেলা থেকে বৃহস্পতিবার তারা একটি ইঞ্জিনচালিত ট্রলারে ঢাকায় ফিরছিলেন।
দুর্ঘটনার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হলে একজনের মৃত্যু হয়। পরে সন্ধ্যা পর্যন্ত কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সাতজনের লাশ উদ্ধার করেন।
এখনো যারা নিখোঁজ রয়েছেন তারা হলেন- ঢাকার লালবাগ এলাকার রাজকুমারের ছেলে রাসেল (১৯), মানিক মিয়ার ছেলে মো. কাজল (২৫), ওয়াহাব আলীর ছেলে সামাদ (২৫) ও কোরবান আলীর ছেলে আলমগীর হোসেন (৩০)।
এ পর্যন্ত যাদের লাশ পাওয়া গেছে তারা সবাই ঢাকার লালবাগের বাসিন্দা ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








