ভোলায় ট্রলারডুবি
নিখোঁজ ১০ জেলে জীবিত উদ্ধার
ভোলা: জেলার মনপুরা উপজেলার ঢালচরের মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১০ জেলেকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা।
পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলার মেঘনা নদী থেকে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন খোরশেদ (৪৫), লুৎফর (৪৮), নাজিম (২৮), সোহেল (১৬), বারেক (৫০), রফিক (২৪), রিয়াজ (২৭), রুবেল (২০), আনছার (৩৬) ও মনির (২৫)।
ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের আপারেশন অফিসার লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম ও রাঙাবালী থানার ওসি মনির হোসেন জানান, রাঙাবালী মেঘনার ভাসমান অবস্থায় স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যদের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেদের চিকিৎসার জন্য রাঙাবালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গগত, বৃহস্পতিবার দুপুরের দিকে মনপুরার ঢালচর থেকে ’এফবি আল্লাহ’ নামে একটি ট্রলার নিয়ে ১৫ জন জেলে মাছ শিকারে যায়। বিকেলের দিকে হঠাৎ ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারে থাকা ১৫ জেলে নিখোঁজ হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঁচ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। বাকিরা নিখোঁজ ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/বিএস/এফই
নিউজবাংলাদেশ.কম








