News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩০, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৫, ১৮ জানুয়ারি ২০২০

লিবিয়ায় অপহৃত দুই বাংলাদেশি রোববার দেশে ফিরবেন

লিবিয়ায় অপহৃত দুই বাংলাদেশি রোববার দেশে ফিরবেন

ঢাকা: লিবিয়ায় অপহৃত দুই বাংলাদেশি জামালপুরের হেলাল উদ্দিন ও নোয়াখালীর আনোয়ার হোসেন আগামী রোববার দেশে ফিরবেন। বন্দিদশা থেকে মুক্ত হয়ে ত্রিপোলিতে পৌঁছে বৃহস্পতিবার রাতে পরিবারের কাছে ফোন করে একথা জানান হেলাল উদ্দিন।

ত্রিপোলিস্থ বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল শহিদুল হক তাদের দেশে ফেরার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারা এবং ঘানার এক নাগরিককে গতকাল (বৃহস্পতিবার) ত্রিপোলিতে আনা হয়। এরপর তাদেরকে জিজ্ঞেস করা হয় কে তাদের নিয়ে গিয়েছিল। কিন্তু তারা নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি। শুধু বলেছেন, মুখোশধারীরা তাদের নিয়ে যায়। তাদের সার্বক্ষণিক পাহারায় যারা ছিল তারাও মুখোশ পরিহিত।

রাষ্ট্রদূত জানান, কোম্পানি তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করছে। গতকাল লিবিয়ার স্থানীয় সময় ৫টা ২০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে তাদের মাল্টা পৌঁছানোর কথা। সেখানে দুদিন অবস্থান করার পর রোববার আন্তর্জাতিক ফ্লাইটে করে তারা ঢাকা পৌঁছাবেন।

প্রসঙ্গত, গত ৬ মার্চ লিবিয়ার আল ঘানি নামে একটি তেলক্ষেত্র থেকে অস্ত্রধারীরা এ দু’জন বাংলাদেশিসহ ৯ জনকে অপহরণ করে। এরপর ১৮ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ মার্চ বন্দিদশা থেকে মুক্ত হয়ে বাড়িতে ফোন করেন হেলাল উদ্দিন।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়