News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৪, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৫, ১৮ জানুয়ারি ২০২০

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন

মেয়রে ২৩, কাউন্সিলরে ৫৩৩ বৈধ প্রার্থী

মেয়রে ২৩, কাউন্সিলরে ৫৩৩ বৈধ প্রার্থী

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে মেয়র পদে ২৩ জনের বৈধতা দিয়েছে রিটার্নিং অফিস। এছাড়া সংরক্ষিত আসনে ১২২ জন ও সাধারণ কাউন্সিলর পদে বৈধতা পেয়েছে ৫৩৩ জন।
 
বৃহস্পতিবার প্রার্থীদের যাচাই বাছাই কার্যক্রম শেষে এ তথ্য পাওয়া গেছে। বাছাইয়ের প্রথম দিন বুধবার মেয়র ও সংরক্ষিত নারী প্রার্থীদের বাছাই করা হয়। দ্বিতীয় দিন বৃহস্পতিবার সাধারণ কাউন্সিলর বাছাই করা হয়।

মেয়র পদে মনোনয়ন পত্র জমা পড়েছে ২৬টি। এর মধ্যে তিনজনের মনোনয়ন পত্র বাতিল করে ২৩ জনকে বৈধ প্রার্থী ঘোষণা করে রিটার্নিং অফিস। যাদের প্রার্থীতা বাতিল হয়েছে, তারা হলেন বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর, বাবুল সরদার চাখারি ও রেজাউল করিম।

বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় পিন্টু, বাবুল সরদার চাখারি ঋণখেলাপি হওয়ায় এবং আয়কর রিটার্ন দাখিল না করায় রেজাউলের মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৩ দিনের মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনার ও আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে পারবেন বলে দক্ষিণের রির্টানিং অফিসার মিহির সরওয়ার মোর্শেদ জানিয়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার আবদুল আউয়াল মিন্টু ও নাসির উদ্দিন পিন্টুর পক্ষে তাদের আইনজীবীরা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন।
 
কাউন্সিলর পদে মনোনয়ন জমা পড়েছে ৬৩৬টি। এর মধ্যে ১০৩ জনকে বাদ দিয়ে ৫৩৩ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। মামলা, খণখেলাপী, সিটি করপোরেশনের তালিকাভুক্ত ঠিকাদার, ভুল তথ্য, ভুল ফরম পূরণের কারণে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়। সংরক্ষিত আসনে ১৫৩ জন মনোনয়ন পত্র জমা দিলেও বাদ যায় ৩১ জন বাদ গিয়ে শেষ পর্যন্ত ১২২ জন বৈধতা পায়।
 
এদিকে হাইকোর্টের নির্দেশে দক্ষিণে ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের এ নির্দেশ দেন।

মনোনয়নপত্র জমার সুযোগ না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬ জন প্রার্থী হাইকোর্টে রিট করেন। ২৯ মার্চ অতিরিক্ত ভীড়ের কারণে তারা সময়মতো মনোনয়পত্র জমা দিতে পারেননি। সন্ধ্যায় তারা আদলতের রায় নিয়ে রিটার্নিং অফিসে এসে মনোনয়নপত্র জমা দেন।

তারা হলেন- ঢাকা দক্ষিণের ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. লোকমান হোসেন, ২৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. মতিউর রহমান (মতি), ৫০ নম্বর ওয়ার্ডের প্রার্থী এ কে এম নূরুজ্জামান ও মো. সোহরাব হুসেইন, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সেতু রহমান, ৫,৬,৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মাহফুজা রিনা, ১,১১,১২ নম্বর ওয়ার্ডের মল্লিকা জামান মুক্তা।

রিটার্নিং অফিসের তথ্য অনুযাযী ঢাকা দক্ষিণে মেয়র পদে বৈধ প্রতিদ্বন্দ্বিরা হলেন- মো. আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ, মো. আব্দুল খালেক, মো. জাহিদুর রহমান, আবু নাছের মুহাম্মদ মাসুদ হোসাইন, মো. বাহারানে সুলতান বাহার, এ এস এম আকরাম, শাহীন খান, দিলীপ ভদ্র, মো. শহীদুল ইসলাম, মোহাম্মদ সাঈদ খোকন, মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী, মো. আবদুর রহমান, মো. আব্দুস সালাম, মোহাম্মদ সাইফুদ্দিন, বজলুর রশীদ ফিরোজ, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মশিউর রহমান, এ এম আসাদুজ্জামান রিপন, মো. ইমতিয়াজ আলম, মো. গোলাম মাওলা রনি, অ্যাডভোকেট মোহাম্মদ আয়ুব হুসেন ও কাজী আবুল বাশার।
 
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়