৭ খুন মামলা: দ্রুত প্রতিবেদন জমা দিতে চায় পুলিশ
ঢাকা: নারায়নগঞ্জের আলোচিত ৭ খুন মামলা তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। দ্রুতই এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে চায় তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাত খুন মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা ডিবি ওসি মামুনুর রশিদ নিউজবাংলাদেশ.কমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদনের কাজ প্রায় শেষ পর্যায়ে। খুব দ্রুত সময়ের মধ্যেই এটা জমা দেয়া হবে।’
তবে কবে নাগাদ জমা দেয়া হতে পারে সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি তিনি।
এর আগে ২৪ মার্চ মঙ্গলবার নারায়নগঞ্জ জেলা পুলিশ লাইনে নবনির্মিত ছয়তলা পুলিশ ব্যারাক ভবন উদ্বোধনী অনষ্ঠানের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকও একই কথা বলেছিলেন।
তিনি বলেছেন, “নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় তদন্ত চূড়ান্ত পর্যায়ে। শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।”
এর আগে সাত খুনের ঘটনায় র্যাবের পক্ষ থেকে হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়া হয়।
এদিকে, গত বছরের ১৪ জুন অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আটক হন নূর ইসলাম। সে সময় সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফেরত চেয়ে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশের পক্ষ থেকে আবেদন করা হয়।
উল্লেখ্য, এ বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
গোয়েন্দা পুলিশ (ডিবি) চাঞ্চল্যকর এ ঘটনা তদন্তের দায়িত্বে থাকলেও এক স্বতঃপ্রণোদিত আদেশে হাইকোর্টের একটি বেঞ্চ সিআইডিকেও এই তদন্তের দায়িত্ব দেয়। যদিও আইন-শৃঙ্খলা বাহিনীর দুটি সংস্থা একইসঙ্গে সমান্তরালভাবে একটি ঘটনার তদন্ত করতে পারে না-এই যুক্তি দেখিয়ে গত বছর ৫ মে উচ্চ আদালতে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।
সাত খুনের ঘটনায় সিআইডির তদন্ত বন্ধের ওই আবেদন নাকচ করে হাইকোর্টের একটি বেঞ্চ গত ১০ জুলাই আগের আদেশে সামান্য পরিবর্তন আনে। নতুন আদেশে সিআইডিকে ‘ইনভেস্টিগেশন’ এর পরিবর্তে ‘ইনকোয়ারি’ করতে বলা হয়। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে এ বিষয়ে তাদের দুটি আবেদনের নিষ্পত্তি করে আপিল বিভাগ সিআইডিকে তদন্ত থেকে বাদ দেয়।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








