News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪১, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৬, ১৮ জানুয়ারি ২০২০

অস্বস্তিতে এসএসএফ, প্রধানমন্ত্রী বললেন...

অস্বস্তিতে এসএসএফ, প্রধানমন্ত্রী বললেন...

ঢাকা: বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত প্রধানমন্ত্রী। চারপাশে কড়া নিরাপত্তা। কিন্তু সব নিরাপত্তা বলয় ভেঙে মঞ্চের সামনেই ১৫-১৬ বছরের এক কিশোর হেঁটে বেড়াচ্ছে। এ নিয়ে বিপাকে পড়েন প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ সদস্যরা।

এ নিয়ে কিছুক্ষণ সিদ্ধান্তহীনতায় ভোগার পর এক এসএসএফ সদস্য পরামর্শের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গেই কথা বলতে যান। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই লক্ষ্য করেছেন বিষয়টি। তাই ওই এসএসএফ সদস্য কিছু বলার আগেই প্রধানমন্ত্রী তাকে থামিয়ে দিয়ে বলেন, “ও হাঁটছে, ওকে হাঁটতে দাও।”

এরপর প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণের সময়ও ওই কিশোরকে প্রধানমন্ত্রীর সামনে দিয়ে বেশ কয়েকবার হাঁটাচলা করতে দেখা যায়। এবার অবশ্য এসএসএফ সদস্যরা আর অস্বস্তিতে ভোগেননি।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অষ্টম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আর ওই কিশোর ছিলো অটিস্টিক। পরে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলবাতি (অটিজমের রং) জ্বেলে দিবসের উদ্বোধন করেন।

উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “অটিস্টিক শিশুরা সমাজে আর বোঝা হয়ে থাকবে না। তাদের মূল্যবান সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই। তাদের জীবনকে অর্থবহ করতে চাই। তারাও সমাজের অংশ।”

পরে প্রধানমন্ত্রী অটিস্টিক শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে অনেকে সহায়তা চান এবং কাগজপত্র তার হাতে তুলে দেন। প্রধানমন্ত্রী তাদের সহায়তা করার আশ্বাস দেন।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়